• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আসামির জামিন পাইয়ে দিতে বিচারকের খাস কামরায় এসআই আটক

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
আসামির জামিন পাইয়ে দিতে বিচারকের খাস কামরায় এসআই আটক

Sharing is caring!

একটি সিআর মামলার আসামির জামিন পাইয়ে দিতে বিচারকের খাস কামরায় ঢুকে ঘুস দেওয়ার চেষ্টার অভিযোগে পাথরঘাটা থানার এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করা হয়েছে। পরে বিভাগীয় মামলার শর্তে তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাহেদ চৌধুরী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।আটক এসআইয়ের নাম শাহরিয়ার জালাল। তিনি পাথরঘাটা থানায় কর্মরত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তার খাস কামরায় অবস্থান করছিলেন। এ সময় এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেন।সালাম বিনিময়ের পর তিনি আদালতের একটি মামলার কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামের এক আসামির জামিনের জন্য সুপারিশ করেন। ওই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও তিনি জানান এবং জামিন দিয়ে একটি ‘রি-কল’-এর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন।ম্যাজিস্ট্রেট এই বেআইনি তদবিরে বিব্রত বোধ করেন। একপর্যায়ে অভিযোগ ওঠে, বিচারককে প্রভাবিত করার উদ্দেশ্যে এসআই শাহরিয়ার ঘুস হিসেবে টাকা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট নিজ কার্যালয়ে তাকে আটক করেন।পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা এবং বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই খুদাকে অবহিত করা হয়। জেলা পুলিশ সুপার বিভাগীয় মামলার আশ্বাস দিলে সন্ধ্যা ৫টার দিকে সহকারী পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) ও থানার ওসির জিম্মায় এসআই শাহরিয়ার জালালকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।এ ঘটনার পর অভিযুক্ত এসআই শাহরিয়ার জালালের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। থানায় গিয়েও তার উপস্থিতি পাওয়া যায়নি।ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশের ভেতরে শৃঙ্খলা রক্ষায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, বিষয়টি আদালতের সঙ্গে সংশ্লিষ্ট। বিচারক অর্ডার শিটে যেটা সিদ্ধান্ত দেবেন, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এর বেশি কিছু বলার নেই।

৮২ পড়েছেন