
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ভেন্যু সংক্রান্ত করণীয় নির্ধারণই এই বৈঠকের মূল আলোচ্য বিষয় বলে জানা গেছে।
গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশনায় আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর পর থেকেই বাংলাদেশ দলের ভারতে ম্যাচ খেলা নিয়ে নিরাপত্তা ও ঝুঁকির প্রশ্নে আলোচনা জোরালো হয়। সরকারের একাধিক উপদেষ্টাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শুরু হয়। এতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ১৪ জন পরিচালক উপস্থিত ছিলেন। কয়েকজন পরিচালক অনলাইনে (জুম) বৈঠকে যুক্ত হন। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে সূত্র জানিয়েছে।এর আগে ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনীহা জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। গত রাতে সেই চিঠির জবাবে আইসিসি বাংলাদেশের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।এদিকে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশের পয়েন্ট কাটা হতে পারে। তবে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। একই সঙ্গে আইসিসি বাংলাদেশের নির্বিঘ্ন অংশগ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়।টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালের বিপক্ষে। তবে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত এলে বাংলাদেশের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতে পারে। সে ক্ষেত্রে ‘বি’ গ্রুপের কিছু ম্যাচ ভারতের ভেন্যুতে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com