
ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২৫) নামে এক যুবকের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনার পর থেকে নিহতের টিকটকার স্ত্রী পলাতক রয়েছেন। বুধবার (৪ মার্চ) কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকার ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাদল উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।তার পলাতক স্ত্রী তাহেরা বেগম আঁখির বাড়ি রামুর খুনিয়াপালং এলাকায়।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, স্বামী-স্ত্রী দুজনই এলাকায় টিকটকার হিসেবে পরিচিত। তারা যে ভাড়া বাসায় থাকতেন, সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজায় বাইরে থেকে তালা দেয়া দেখতে পায়। পরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানায় বাদলের গলাকাটা ও বীভৎস মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত তিন দিন আগে তাকে শ্বাসরোধ করে ও গলা কেটে হত্যা করা হয়েছে।স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, পরিবারের অমতে টিকটকার আঁখিকে বিয়ে করায় স্বজনরা বিষয়টি মেনে নেননি। এ নিয়ে বিরোধের জেরে বাদল তার স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকতে শুরু করেন। রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (এমইউপি) স্বপন বড়ুয়া বলেন, নিহত বাদলের স্ত্রী আগে বিবাহিত হওয়ায় পরিবার এই বিয়ে মেনে নেয়নি। যার ফলে তারা আলাদা বাসা নিয়ে সংসার করছিলেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হলে সামাজিকভাবে আমরা বসে সেটি মীমাংসা করে দিয়েছিলাম।তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী আঁখি নিজেই বাদলকে পরিকল্পিতভাবে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। গত তিন দিন ধরে আঁখির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পালিয়ে থাকা স্ত্রীকে আটক করা সম্ভব হলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com