
সিলেটের একটি চিহ্নিত চাঁদাবাজ চক্রের পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এয়ারপোর্ট থানার ব্যবসায়ী ও সাধারণ জনগণ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হিংগারপুল পয়েন্টে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।ব্যবসায়ী বুলবুল মিয়ার সভাপতিত্বে এবং মো. আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট-সালুটিকর অংশের ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি মহল গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সিলেটের একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সিলেটবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জানা মতে সালুটিক- কোম্পানীগঞ্জ সড়কের ব্যবসায়ীরা সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক নিয়ে যে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সবাইকে এমন বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক ব্যবসার যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তার কোনো বাস্তবভিত্তি নেই। তারা বিভিন্ন স্থান থেকে নেশাজাতীয় পানীয়ের খালি বোতল সংগ্রহ করে চা-দোকানসহ আশপাশে ফেলে রেখে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। ব্যক্তিগত শত্রুতা, হিংসা এবং চাঁদাবাজির উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী বাবর মিয়া, ইলাস মিয়া, আব্দুন নূর মিয়া, কলমদর মিয়া, মুজিব মিয়া, জাবেদ মিয়া, খলিলুর রহমান, বুরহান উদ্দিন, খোকন মিয়া, মাহমুদ মিয়া, হেলাল আহমদ, মনোয়ার হোসেন, চুনু মিয়া, কামাল মিয়া, রকিব মিয়া, মুরাদ মিয়া, আল-আমীন হোসেন, ইরমান মিয়া, আব্দুল হামিদ, আব্দুল আহাদ, মখলিছুর রহমান, জাহাঙ্গীর আলম, ছরু মিয়া, আব্দুস শুকুর, শিপন আহমদসহ ধোপাগুল, উমদারপুর, আটকিয়ারি, লালবাগ, রঙ্গিটিলা, সিঙ্গারপুল ও পাগলামোরা এলাকার সর্বস্তরের জনসাধারণ।
সভায় বক্তারা অবিলম্বে এই অপতৎপরতা বন্ধের জোর দাবি জানান। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com