Sharing is caring!

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও তার আগে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার।গুরুতর চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব দ্রুত সময়ের মধ্যেহামজার মাঠে ফেরা সম্ভব বলে মনে হচ্ছে না। চোটের প্রকৃতি নিশ্চিত করতে তার হাঁটুতে স্ক্যান করানো হবে বলেও জানান তিনি।এদিকে, একাধিক আন্তর্জাতিক ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, হামজা এমসিএল ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। এ ধরনের চোটে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে আশার কথা, এই চোটে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ছে না বলে ধারণা করা হচ্ছে। লেস্টার সিটির চিকিৎসক দলই তার পুনর্বাসন ও চোট ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে। একই সঙ্গে হামজার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হামজা।জাতীয় দলে তার উপস্থিতি মাঝমাঠে এনে দেয় বাড়তি শক্তি ও আত্মবিশ্বাস। আগামী ২৬ ও ৩১ মার্চ বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে ভিয়েতনামের বিপক্ষে একটি সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। যদিও বাংলাদেশ আগেই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত করেছে, তবুও হামজাকে দলে পাওয়ার আশায় থাকবে বাফুফে।অন্যদিকে, লেস্টার সিটির অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার পর সেখানেও তারা লড়াই করছে অবনমন এড়াতে। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের ব্যবধান মাত্র ছয় পয়েন্ট। এমন পরিস্থিতিতে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজাকে কয়েক সপ্তাহ না পাওয়াটা বড় ধাক্কা হিসেবেই দেখছে ক্লাবটি।
৫ পড়েছেন